শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

জিটি ডেস্ক

প্রকাশ:

শিশুদের নিরাপত্তা  আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স
শিশুদের নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স|ছবি: সংগৃহীত

প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির বিচার বিভাগের (ডিওজে) সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অভিভাবকের প্রয়োজনীয় সম্মতি ছাড়া সংগ্রহ এবং শিশুদের অনলাইন গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার অভিযোগে ২০২৪ সালে করা মামলাটি নিষ্পত্তিতে এই সমঝোতা হয়েছে।

আরও পড়ুন: ইউটিউব থেকে ঘরে বসে আয় করবেন যে কৌশলে

সমঝোতা অনুযায়ী, টিকটক এখনই ৩০ কোটি ডলার পরিশোধ করবে। বাকি ১০ কোটি ডলার দিতে হবে একটি নির্দিষ্ট শর্ত পূরণ হলে। ২০১৯ সালে টিকটকের আগের অ্যাপ মিউজিক্যাল.লির বিরুদ্ধে ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) করা পুরোনো সম্মতিপত্র আদালতের আদেশে বাতিল হলে বাকি অর্থ পরিশোধ করবে টিকটক।

২০২৪ সালের আগস্টে শুরু হওয়া মামলায় ডিওজে অভিযোগ করে, টিকটক ১৩ বছরের কম বয়সী শিশুদের প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দিয়েছে। তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের সময় অভিভাবকদের প্রয়োজনীয় সম্মতিও নেওয়া হয়নি। এছাড়া অভিভাবকেরা শিশুদের অ্যাকাউন্ট মুছে দেওয়ার অনুরোধ করলেও তা যথাযথভাবে কার্যকর করা হয়নি বলে অভিযোগ করা হয়। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টের লঙ্ঘন বলে দাবি করা হয়।

আরও পড়ুন: তথ্য পাচার বন্ধ করতে চ্যাটজিপিটির লকডাউন মোড

এর আগে একই ধরনের অভিযোগে টিকটকের পূর্বসূরি মিউজিক্যাল.লির বিরুদ্ধে ২০১৯ সালে ৫ দশমিক ৭ মিলিয়ন ডলার জরিমানা করেছিল এফটিসি। তখন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানত, অল্পবয়সী শিশুরা প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। এরপরও তাদের নাম, ই-মেইল ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজনীয় অভিভাবকীয় সম্মতি নেওয়া হয়নি।

তবে ২০২৪ সালে মামলা হওয়ার পর যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ডিওজে জানিয়েছে, প্রতিষ্ঠানটির মালিকানা, ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স কাঠামো এবং গোপনীয়তা-সংক্রান্ত কার্যক্রমে পরিবর্তন এসেছে।

টিকটকের বর্তমান মার্কিন যৌথ উদ্যোগের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, এখন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীদের জন্মতারিখ দেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন: বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করতে উন্নত বয়স-নির্ধারণ প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। এ কাজে শত শত কর্মী নিয়োজিত রয়েছেন। প্রতিষ্ঠানটির দাবি, এসব ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর ১০ হাজারের বেশি অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট শনাক্ত করে মুছে ফেলা হচ্ছে।

এই সমঝোতায় টিকটক বা বাইটড্যান্সকে কোনো ধরনের দায় স্বীকার করতে হয়নি। নতুন চুক্তিতে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় আরও শক্তিশালী বয়স-নিয়ন্ত্রণ ব্যবস্থা, শিশুদের জন্য বাড়তি নিরাপত্তা এবং অভিভাবকদের সন্তানদের কার্যক্রম ও ব্যক্তিগত তথ্যের ওপর আরও নজরদারির সুযোগ রাখার কথা বলা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!