কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিল ফেসবুক, আসছে নতুন সুবিধা

জিটি ডেস্ক

প্রকাশ:

ক্রিয়েটর স্টুডিও
ক্রিয়েটর স্টুডিও|ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন করে ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে মেটা। নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে গুরুত্ব দিয়ে এমন একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যেখানে ক্রিয়েটররা কনটেন্টের পারফরম্যান্স বুঝতে, নতুন আইডিয়া খুঁজতে এবং দর্শকদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন। মেটার ভাষ্য অনুযায়ী, অ্যাপটি ক্রিয়েটরদের ফেসবুকে সফল হওয়ার জন্য পরবর্তী করণীয়গুলো সহজভাবে তুলে ধরবে।

আরও পড়ুন: মোবাইলের স্টোরেজ হালকা হবে কী করলে

এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট। এটি ক্রিয়েটরের কনটেন্ট, দর্শক, এনগেজমেন্ট ও পারফরম্যান্স বিশ্লেষণ করে ব্যক্তিভেদে পরামর্শ দেবে। কোন কনটেন্ট ভালো করেছে, কেন কোনো রিল বেশি দর্শক পেয়েছে কিংবা সময়ের সঙ্গে দর্শকদের আচরণ কীভাবে বদলেছে—এসব প্রশ্নের উত্তর সরাসরি এআই সহকারীর কাছে জানতে পারবেন ক্রিয়েটররা।

শুধু বিশ্লেষণ নয়, নতুন কনটেন্ট তৈরিতেও সহায়তা করবে এই এআই। ফেসবুকে কোন বিষয় বা কনটেন্টের ধরন জনপ্রিয় হচ্ছে, নতুন কী ধরনের ভিডিও বা পোস্ট করা যেতে পারে এবং দর্শকদের আরও আকৃষ্ট করতে কী পরিবর্তন আনা দরকার—এসব বিষয়ে ব্যক্তিগত পরামর্শ দিতে পারবে ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট। ক্রিয়েটরের লক্ষ্য যদি হয় দর্শক বাড়ানো, এনগেজমেন্ট বৃদ্ধি কিংবা আয় বাড়ানো, সে অনুযায়ী পরামর্শও সাজিয়ে দেওয়ার কথা জানিয়েছে মেটা।

ক্রিয়েটর স্টুডিও-এর নতুন সংস্করণে এআইভিত্তিক কমেন্ট ব্যবস্থাপনাও যুক্ত হচ্ছে। গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখানোর পাশাপাশি, ক্রিয়েটরের নিজস্ব যোগাযোগের ধরন অনুসরণ করে মন্তব্যের উত্তরের খসড়া তৈরি করতে পারবে এই টুল। ফলে বিপুলসংখ্যক কমেন্টের মধ্যে গুরুত্বপূর্ণগুলো শনাক্ত করা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো সহজ হবে।

আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ডিভাইসে বন্ধ হতে যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট

মেটা জানিয়েছে, নতুন ক্রিয়েটর স্টুডিও-এর লক্ষ্য শুধু তথ্য দেখানো নয়; বরং একজন ক্রিয়েটরকে দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো বুঝতে এবং পরবর্তী পদক্ষেপ নিতে সহায়তা করা। ফেসবুকে ক্রিয়েটরদের জন্য এআইনির্ভর আরও বিভিন্ন সুবিধা চালুর অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতে ধাপে ধাপে চালু হচ্ছে, আর ভবিষ্যতে আরও দেশে এর সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মেটার এই উদ্যোগকে ফেসবুকের ক্রিয়েটর ইকোসিস্টেম শক্তিশালী করার কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে ফেসবুক ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজের জন্য আলাদা অভিজ্ঞতা তৈরিতে গুরুত্ব দিচ্ছে; এরই অংশ হিসেবে ফেসবুক গ্রুপের জন্য ‘ফোরাম’-এর মতো নতুন অ্যাপও পরীক্ষামূলকভাবে চালু করেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!