আগামী ২৪ আগস্ট থেকে ইউটিউব ভিডিওর ‘ভিউ’ গণনার নিয়মে বড় পরিবর্তন আনছে। নতুন নিয়মে কোনো ভিডিও-এর প্রথম ফ্রেমক প্লে হওয়া মাত্রই বা দর্শক ভিডিও দেখা শুরু করার সাথে সাথেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে। ফলশ্রুতিতে ভিডিওর লাইভ ভিউ কাউন্ট আগের তুলনায় দ্রুত বাড়তে পারে। একই নিয়ম লাইভ সম্প্রচারে কোনো দর্শক প্রবেশ করলেও প্রযোজ্য হবে।
এতদিন ইউটিউবের মূল ভিডিওর ক্ষেত্রে ভিউ গণনার সঠিক পদ্ধতি প্রকাশ করা না হলেও, সাধারণভাবে একটি ভিডিও অন্তত ৩০ সেকেন্ড দেখার পরেই একটি ভিউ হিসেবে গণনা হওয়ার ধারণাই প্রচলিত ছিল।
আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ডিভাইসে বন্ধ হতে যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট
ইউটিউব জানিয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য আলাদা ভিউ-গণনা পদ্ধতি ব্যবহারের কারণে নির্মাতাদের মধ্যে মেট্রিক নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। নতুন নিয়মের মাধ্যমে সেই পার্থক্য কমিয়ে আনা এবং নির্মাতাদের ভিডিওর প্রকৃত ‘রিচ’ বা দর্শকের কাছে পৌঁছানোর পরিমাণ আরও সহজভাবে বোঝানোই নতুন এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। ইউটিউব শর্টসের ক্ষেত্রে একই ভিউ গণনা পদ্ধতি গত বছর থেকেই চালু রয়েছে।
টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোও ভিডিও প্লে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিউ গণনা করে। ফলে নতুন নিয়ম কার্যকর হলে ইউটিউবের দীর্ঘ ভিডিওর ভিউ মেট্রিকও এসব প্ল্যাটফর্মের প্রচলিত হিসাব পদ্ধতির সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।
নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে ভিডিওর প্রকাশ্য ভিউ সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে পারে। বিশেষ করে কোনো দর্শক ভিডিও চালু করার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি বন্ধ করে দিলে, স্বল্প সময়ের সেই প্লেব্যাকও ভিউ হিসেবে যুক্ত হবে। এভাবে নির্মাতাদের ভিউ কাউন্ট বাড়লেও ওয়াচটাইম (দর্শকের ভিডিও দেখার সময়) যোগ হবেনা।
তবে ইউটিউব তাদের প্রচলিত ভিউ গণনার পদ্ধতিকে সম্পূর্ণরূপে বাতিল করে দিচ্ছেনা।
আরও পড়ুন: মোবাইলের স্টোরেজ হালকা হবে কী করলে
ইউটিউব স্টুডিও-এর অ্যানালিটিক্স মেনুতে আগের ভিউ গণনা পদ্ধতিকে ‘এংগেজড ভিউ’ নামে বহাল রাখা হবে। এর মাধ্যমে নির্মাতারা বুঝতে পারবেন, ভিডিও শুরু হওয়ার পর কতজন দর্শক সেটি দেখার জন্য আরও কিছুক্ষণ থেকে গেছেন। অর্থাৎ প্রকাশ্য ভিউ সংখ্যা মূলত ভিডিও-এর প্রাথমিক রিচ বোঝাবে, আর এংগেজড দর্শকের প্রকৃত আগ্রহ ও দেখার প্রবণতা বিশ্লেষণে বেশি কার্যকর হবে।
নতুন নিয়ম নিয়ে ভিউ সংখ্যা কৃত্রিমভাবে বাড়া এবং এর ফলে ভিডিওর জনপ্রিয়তা মূল্যায়নে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কাও করছে বিশেষজ্ঞরা। বিশেষ করে স্বয়ংক্রিয় প্লে, ভিউ বট বা ভুয়া ট্রাফিকের মাধ্যমে ভিউ সংখ্যা বাড়ানোর সম্ভাবনা নিয়ে ইতোমধ্যেই কন্টেন্ট নির্মাতা ও সাধারণ দর্শকেরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন। তবে ইউটিউবের ঘোষণায় এই পরিবর্তনকে মূলত মেট্রিকের সামঞ্জস্য ও নির্মাতাদের বিভ্রান্তি কমানোর উদ্যোগ হিসেবেই তুলে ধরা হয়েছে। প্ল্যাটফর্মটি নিশ্চিতভাবে জানিয়েছে, নতুন ভিউ-গণনা পদ্ধতি নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের মনিটাইজেশন যোগ্যতাতে সরাসরি কোনো পরিবর্তন আনছে না।

