আইফোনে অ্যাপলের সতর্কবার্তা দেখলে তা এড়িয়ে যাওয়া উচিত নয়। কারণ এমন সতর্কবার্তা এলে ফোনটি স্পাইওয়্যার হামলার লক্ষ্য হয়ে থাকতে পারে।
অ্যাপল জানিয়েছে, ভাড়াটে স্পাইওয়্যার ব্যবহার করে পরিচালিত হামলা সাধারণ সাইবার হামলার তুলনায় বেশি জটিল। এসব হামলায় নির্দিষ্ট ব্যক্তি ও তার ব্যবহৃত ডিভাইসকে লক্ষ্য করা হয়।
তবে সবাই এ ধরনের হামলার ঝুঁকিতে থাকেন না। সাধারণত রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের মতো নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
আরও পড়ুন: জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর
কোনো ব্যবহারকারী স্পাইওয়্যার হামলার লক্ষ্য হয়েছেন বলে মনে করলে অ্যাপল বিভিন্নভাবে তাকে সতর্ক করে। আইফোনের পর্দায় সতর্কবার্তা দেখানোর পাশাপাশি ই-মেইলেও জানানো হয়। অ্যাপল অ্যাকাউন্টে প্রবেশ করলেও এ ধরনের সতর্কবার্তা দেখা যেতে পারে। তাই এমন বার্তা পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।
অ্যাপল দ্রুত লকডাউন মোড চালু করার পরামর্শ দিয়েছে। আইফোনের সেটিংস থেকেই এই সুবিধা চালু করা যায়। প্রয়োজনে নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তাও নেওয়া যেতে পারে।
তবে কেন কোনো ব্যবহারকারীকে সতর্ক করা হয়েছে, সে বিষয়ে অ্যাপল বিস্তারিত তথ্য প্রকাশ করে না। প্রতিষ্ঠানটির ভাষ্য, এসব তথ্য প্রকাশ করা হলে হামলাকারীরা ভবিষ্যতে নিজেদের কৌশল পরিবর্তন করে সতর্কতা এড়িয়ে যেতে পারে।
আরও পড়ুন: ফোনে যেসব অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসতে পারেন
এ ধরনের সতর্কবার্তা না পেলেও ফোনের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখা জরুরি। পাশাপাশি অপরিচিত লিংকে প্রবেশ না করা, শক্তিশালী পাসকোড ব্যবহার এবং দুই ধাপের পরিচয় যাচাই চালু রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

