নেইমার জুনিয়রের পরিবারের আর্থিক সহায়তায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। নেইমারের পরিবারের এজেন্সি এনআর স্পোর্টসের দেওয়া গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তায় মোনাকোর পাওনা ১৭ লাখ পাউন্ডের ঋণ পরিশোধ করেছে ক্লাবটি। ফলে সান্তোসের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে ফিফার দলবদল নিষেধাজ্ঞা উঠে গেছে।
নেইমারের সঙ্গে সান্তোসের সম্পর্ক দীর্ঘদিনের। ছোটবেলা থেকেই এই ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক। সান্তোসের হয়েই পেশাদার ফুটবলে পা রাখেন ব্রাজিলের এই তারকা।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় রহস্যময় স্পিনার রুবেলের ফাইফার, জিতল বাংলাদেশ এইচপি
গত কয়েক মৌসুমে বেশ কয়েকবার সান্তোস ছাড়ার গুঞ্জন উঠেছিল নেইমারকে নিয়ে। তবে শেষ পর্যন্ত চলতি বছরের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে থাকার চুক্তি করেন তিনি।
এবার মাঠের বাইরে নেইমারের পরিবারের সহায়তায় বড় স্বস্তি পেয়েছে সান্তোস। জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর পাওনা ১৭ লাখ পাউন্ড বা প্রায় ২৩ লাখ ডলারের ঋণ পরিশোধের পর ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।
মিডফিল্ডার জ্যঁ লুকাসকে দলে নেওয়ার সময় মোনাকোর কাছে সান্তোসের ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল ঋণ ছিল। সেই ঋণ পরিশোধের পরই ফিফা আনুষ্ঠানিকভাবে সান্তোসের ওপর থাকা ট্রান্সফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
জুলাই থেকে এই নিষেধাজ্ঞার কারণে নতুন খেলোয়াড় নিবন্ধন ও দলবদল কার্যক্রমে বাধার মুখে ছিল সান্তোস। এবার এনআর স্পোর্টসের মূলধন সহায়তার পর সেই বাধা কেটে গেছে।
নেইমারের পরিবারের এজেন্সির সহায়তার বিনিময়েও একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে। সান্তোস ও এনআর স্পোর্টস যৌথভাবে ক্লাবটির জার্সিতে এখনো বাণিজ্যিকভাবে ব্যবহার না হওয়া স্পনসরশিপের জায়গা নিয়ে আলোচনা করবে। পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমও পরিচালনা করবে তারা।
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের অন্যতম ঐতিহাসিক এই ক্লাব।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগও তৈরি হয়েছে সান্তোসের সামনে। এর মধ্যে জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে নেওয়ার পথে এগোতে পারবে তারা।
দারিও স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থারই সান্তোসের প্রধান লক্ষ্য। ব্রাজিলিয়ান এই প্লেমেকারকে দলে পেলে অবনমন-ঝুঁকি থেকে বেরিয়ে আসার লড়াইয়ে দলটি তাৎক্ষণিকভাবে শক্তি বাড়াতে পারবে বলে আশা করা হচ্ছে।
সান্তোসের সামনে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। আসন্ন সপ্তাহে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে তারা। ক্যাম্পেওনাতো ব্রাজিলেইরোর পয়েন্ট টেবিলে অবনমন অঞ্চলের ঠিক ওপরে রয়েছে সান্তোস।
আরও পড়ুনঃ শাস্তি পাওয়া ৩ আর্জেন্টাইন ফুটবলার বড় সুখবর পেলেন
অবনমন অঞ্চল থেকে সান্তোসের ব্যবধান মাত্র দুই পয়েন্ট। তাই করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এর আগে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হেরেছে সান্তোস। সেই ম্যাচে খেলেননি নেইমার।
তবে করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে আবারও সান্তোসের শুরুর একাদশে ফিরতে যাচ্ছেন নেইমার। দলটির লক্ষ্য এখন অবনমন অঞ্চল থেকে নিজেদের দূরত্ব বাড়ানো। একই সঙ্গে করিন্থিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নেওয়া।
ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নেইমারের পরিবারের আর্থিক সহায়তা তাই সান্তোসকে শুধু বড় আর্থিক চাপ থেকেই মুক্ত করেনি। নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগও ফিরিয়ে দিয়েছে। ফলে মাঠে ও মাঠের বাইরে ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ পেয়েছে ক্লাবটি।

