জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। একই সঙ্গে দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের হার সরাসরি দেখার পর ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন তামিম। সেই বৈঠকে তাঁর দেওয়া বার্তার কথা জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।
আজ আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিমন্স বলেন, ‘বার্তা ছিল—কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। সেই সাথে এটি মনে রাখা ও অনুধাবন করা যে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি; দেশের কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি, যারা আমাদের সাফল্যের দিকে তাকিয়ে থাকে। আমার মনে হয়, এটিই ছিল তাঁর মূল বার্তা।’
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন প্রধান কোচ। তাঁর মতে, খেলোয়াড়েরা নিজেদের ভুল ও ভালো দিকগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। এখন পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়াই দলের মূল লক্ষ্য।
এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ এখনও বেশ ভালো। আজ সকালে আমরা একটা বৈঠক করেছি এবং সবকিছু খোলামেলা আলোচনা করেছি—আমরা কী ভালো করেছি আর কী ভুল ছিল। এখন আমরা জানি পরবর্তী ম্যাচে আমাদের কী করতে হবে। এমন নয় যে আমরা বাজে খেলছিলাম, আমরা তো বেশ ভালোই খেলছিলাম। একটা দিন হয়তো এমন গেছে যেদিন কোনো কিছুই আমাদের পক্ষে আসেনি। তাই এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা আমাদের জানা। আজ আমরা অনুশীলনে নামব এবং আগামী দু-একদিন নিজেদের মানসিকভাবে প্রস্তুত করব, যাতে পরের ম্যাচের জন্য দল পুরোপুরি তৈরি থাকে।’
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে বাংলাদেশ সফরে দলে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ
এদিকে, ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরবর্তী ম্যাচের সমীকরণ নির্ধারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটির ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে ওই ম্যাচের দিকে নজর রাখতে হচ্ছে বাংলাদেশ দলকেও। তবে প্রতিপক্ষের ম্যাচের ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজেদের প্রস্তুতিতে মনোযোগ দিতে চান সিমন্স।
এ বিষয়ে তিনি বলেন, ‘খেলা দেখতেই হবে এমন কোনো কথা নেই, তবে আমরা কী চাই তা আমরা জানি। ম্যাচ থেকে কী সমীকরণ আসতে পারে সে ধারণা আমাদের আছে, তবে দেখা যাক কী হয়। এখানে আমাদের হাতে কিছু নেই। আমাদের কাজ হচ্ছে অনুশীলনে নিজেদের সেরাটা দেওয়া, ম্যাচের পরের অংশ নিয়ে আমরা পরেই ভাবব।’
একসময় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ছিল টানা জয়ের রেকর্ড। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত দলটির বিপক্ষে টানা ১৯ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আধিপত্যে ছেদ পড়ে ২০২২ সালে জিম্বাবুয়ে সফরে। হারারেতে পাঁচ উইকেটে জিতে ১৩ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে জয়ের দেখা পায় স্বাগতিকরা। একই সঙ্গে সিরিজও জিতে নেয় তারা।
সেই ধারাবাহিকতায় সর্বশেষ শনিবার আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারে বাংলাদেশ। ম্যাচটি মাঠে বসে দেখেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। খেলা শেষে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করে দলকে ঘুরে দাঁড়ানোর বার্তা দেন তিনি। এখন অনুশীলন ও মানসিক প্রস্তুতির মাধ্যমে পরবর্তী ম্যাচে ভালো করার লক্ষ্য বাংলাদেশের।

