বিতর্কিত লাল কার্ডের ঘটনায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রতিপক্ষের ফুটবলার রদ্রিগো নেস্টরের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখার পর তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসে শুনানি হওয়ার কথা রয়েছে। শাস্তি হলে ব্রাজিলিয়ান সিরি আতে সান্তোসের হয়ে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে খেলতে নাও পারেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ঘটনাটির সূত্রপাত। প্রথমার্ধে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে সংঘর্ষে জড়ান নেইমার। দ্বিতীয়ার্ধ শুরুর আগেও দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকে। এ সময় তর্কের একপর্যায়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন নেইমার। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ফুটেজ পর্যালোচনা করলে রেফারি সাভিও পেরেইরা সাম্পাইও তাঁকে লাল কার্ড দেখান।
তবে ভিএআরের কর্মকর্তারা জানিয়েছেন, নেইমার ঠিক কী বলেছিলেন, তা তাঁরা নিশ্চিত করতে পারেননি। ফলে ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ম্যাচ শেষে রদ্রিগো নেস্টর অভিযোগ করেন, বাকবিতণ্ডার সময় নেইমার তাঁকে এবং তাঁর ক্লাবকে অপমান করে কথা বলেছেন। তবে ঠিক কী বলা হয়েছিল, তা প্রকাশ করতে রাজি হননি বাহিয়ার এই মিডফিল্ডার। অন্যদিকে, প্রতিপক্ষকে অপমান করার অভিযোগ অস্বীকার করেছেন নেইমার। তবে তর্কের সময় মুখ ঢেকে ফেলাকে নিজের ভুল বলে স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে নেস্টরের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন সান্তোসের এই ফরোয়ার্ড। তাঁর অভিযোগ, তাঁকে লাল কার্ড দেখানোর পরিস্থিতি তৈরি করতে প্রতিপক্ষের খেলোয়াড় তাঁকে প্ররোচিত করে থাকতে পারেন।
আরও পড়ুনঃ ঢাকা টেস্টে শুভ সূচনা বাংলাদেশের
পরে বাহিয়া এক বিবৃতিতে তাদের খেলোয়াড়কে লক্ষ্য করে করা কথিত মৌখিক অপব্যবহারের নিন্দা জানায়।
ঘটনাটি তদন্ত করে নেইমারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণ করবে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস। প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে জরিমানা হতে পারে তাঁর। অন্যদিকে, ক্রীড়াশৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগ প্রমাণিত হলে এক থেকে ছয় ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।
ইতিমধ্যে লাল কার্ডের কারণে এক ম্যাচ এবং হলুদ কার্ড জমে যাওয়ায় আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা নিশ্চিত হয়েছে নেইমারের। ব্রাজিলিয়ান সিরি আতে সান্তোসের আর মাত্র ছয়টি ম্যাচ বাকি। পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা দলটি রেলিগেশন অঞ্চলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে। ফলে নতুন করে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা পেলে চলতি মৌসুমে সান্তোসের হয়ে আর মাঠে নামার সুযোগ নাও পেতে পারেন নেইমার।

