কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকির কথাও জানিয়েছে দূতাবাসটি।
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই ফুল ফান্ডেড স্কলারশিপে পড়ুন চীনে, দেখুন বিস্তারিত
শনিবার (২৪ অক্টোবর) নিজেদের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
পোস্টে বলা হয়, ‘আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।’
এর আগে, চলতি মাসের ১০ অক্টোবর চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের ভিসা বাতিল এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়েছিল দূতাবাসটি।
আরও পড়ুন: মাসে প্রায় ২ লাখ টাকা বৃত্তিতে জাপানে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন যেভাবে
ওই দিন নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, ‘শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের ফলে আপনার ভিসা বাতিল হতে পারে এবং আপনি স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।’
বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকে আইন মেনে চলার প্রত্যাশা করে দেশটি।

