পিএইচডিতে স্কলারশিপ দেবে ইউজিসি, প্রতিমাসে ভাতা ৫০ হাজার টাকা

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন লোগো
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন লোগো|ছবি: সংগৃহীত

পিএইচডি গবেষণার জন্য ১০০ জনকে স্কলারশিপ দেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ‘ইউজিসি পিএইচডি স্কলারশিপ ২০২৬-২০২৭’-এর আওতায় নির্বাচিত গবেষকেরা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ভাতা পাবেন। যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত এই ভাতা দেওয়া হবে। ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ।

ইউজিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে এনরোলড বা ভর্তিকৃত আবেদনকারীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই পূর্ণকালীন গবেষক হতে হবে। খণ্ডকালীন গবেষকেরা এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না।

বৃত্তি পাবেন ১০০ জন

এবার মোট ১০০টি পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৪০টি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১৫টি এবং সরকারি কলেজের শিক্ষকদের জন্য ১৫টি বৃত্তি রাখা হয়েছে।

এ ছাড়া এমপিওভুক্ত কলেজের শিক্ষকদের জন্য ৫টি এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ২৫টি বৃত্তি বরাদ্দ রয়েছে।

আরও পড়ুনঃ পোস্ট ডক্টরাল ফেলোশিপ দেবে ইউজিসি, আবেদন ৩১ অক্টোবরের মধ্যেই

আবেদনের নিয়ম

কর্মরত আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফরম, তথ্য ছক (Information Chart) এবং বৃত্তির নির্দেশিকা ইউজিসির ওয়েবসাইটে ‘Scholarship and Fellowship’ নামের সার্ভিস বক্সে পাওয়া যাবে।

আবেদন করার সময় প্রয়োজনীয় সব তথ্য ও কাগজপত্র দিতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজনীয় কোনো কাগজপত্রের ঘাটতি থাকলেও আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আবেদনের শেষ সময়

প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণ করা আবেদন ফরমের এক সেট হার্ড কপি জমা দিতে হবে। পরিচালক, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় তা জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬। ইউজিসির ওয়েবসাইটে আবেদন ফরম ও বিস্তারিত নির্দেশিকা পাওয়া যাবে।WhatsApp Image 2026-10-03 at 6.24.15 PM.jpeg

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!