ঢাবি ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে প্রতি শনিবার ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রতি শনিবার ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’
প্রতি শনিবার ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’|ছবি: জিটি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। চলমান দুর্গাপূজার ছুটি শেষে এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া আর্মি মেডিকেল কলেজ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘Green & Clean Campus First’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে সংগঠনটির নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় নতুন এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল শাখাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্নতা বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর

এতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কর্মসূচিটির অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে তাঁরা সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে নিজ পরিবার থেকে শুরু করে ক্যাম্পাসের সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন।

নিয়মিত এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং পরিচ্ছন্নতা বিষয়ে সম্মিলিত দায়িত্ববোধ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!