নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক ভয়াবহ বন্যায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে কয়েক ডজন মার্কিন নাগরিকসহ বিভিন্ন দেশের বিদেশি নাগরিকও রয়েছেন। খবর সিএনএনের।
বন্যায় বিধ্বস্ত নেপাল ও চীনের বিভিন্ন এলাকায় আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। প্রাকৃতিক বাঁধের পেছনে তৈরি একটি হ্রদ ভেঙে নতুন করে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে—এমন আশঙ্কায় সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে উঁচু স্থানে সরে যেতে দেখা গেছে। তবে সীমান্তের দুই পাশের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কা এখন অনেকটাই কমে এসেছে
আরও পড়ুন: বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান
রাজধানী কাঠমান্ডুতে স্বজন হারানো পরিবারগুলোর হৃদয়বিদারক পরিস্থিতি প্রত্যক্ষ করেছে সিএনএনের একটি দল। মর্গের দেয়ালে টাঙানো নিহত ও নিখোঁজদের তালিকা এবং ছবি দেখে অনেক পরিবার তাদের প্রিয়জনের পরিণতি জানতে পারছেন। এদিকে, দুর্যোগকবলিত এলাকার কাছাকাছি থাকা সিএনএনের আরেকটি দল বন্যায় বিধ্বস্ত বিভিন্ন জনপদের ভয়াবহ চিত্র তুলে ধরছে। অনেক এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
ভয়াবহ এই দুর্যোগের সঠিক কারণ এখনো নির্ধারণের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। নতুন প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হিমবাহের বিশাল একটি অংশ ভেঙে নিচের নদীতে আছড়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, বরফ ও পাথরের ওই বিশাল ধস থেকেই প্রবল পানির স্রোত তৈরি হয়ে পরে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

