সমালোচনার মুখে জারি করা ক্যাম্পাসের লোডশেডিং শিডিউলসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি একদিনের মধ্যেই বাতিল করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে ক্লাস চলাকালে কোনো ধরনের লোডশেডিং না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বুয়েটের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: হালাল সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়
এতে বলা হয়, বিদ্যুৎ স্বল্পতার কারণে বুয়েট কর্তৃপক্ষের সঙ্গে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বুয়েট এলাকায় ডিপিডিসি কোনো লোডশেডিং দেবে না।
তবে নির্ধারিত সময়ের বাইরে অন্যান্য সময়ে লোডশেডিং হতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। সে ক্ষেত্রে বুয়েটের নিজস্ব পাওয়ার প্ল্যান্টে গ্যাসের পর্যাপ্ত প্রেসার থাকা সাপেক্ষে জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষাশিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ
একই সঙ্গে এ বিষয়ে গতকাল রবিবার (২৩ আগস্ট) প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে।
এর আগে রবিবার দিনে ৫ ঘণ্টার লোডশেডিংয়ের সূচি রেখে জরুরি বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নোটিশে ক্লাস চলাকালীন সময়েও লোডশেডিংয়ের সূচি রাখা হয়।

