রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ৫৮ শিক্ষককে শনাক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে দেখে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়টি সার্বিকভাবে খতিয়ে দেখে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিটি। এরই মধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন।
আরও পড়ুন: আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
এতে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতায় যুক্ত থাকার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন তৎপরতায় যুক্ত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল। তাদের মধ্যে এরই মধ্যে ৫৮ শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ঢাকাসহ ৯ জেলায় নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
জনসংযোগ দপ্তরের বার্তায় আরও বলা হয়, পরবর্তী সময় আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়ও কমিটি খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। এর আগে একই বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়।

