জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন সম্পন্ন করে আবেদনপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্র এবং প্রাথমিক আবেদন ফি ১,০০০ টাকা (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি) সংশ্লিষ্ট কলেজে ৯ আগস্ট ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম পর্যায়ে যারা ইতোমধ্যে প্রাথমিক আবেদন করেছেন, তাদের ২য় পর্যায়ে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
এদিকে ২য় পর্যায়ে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বলা হয়েছে, এ পর্যায়ের আবেদনকারীদের সরাসরি কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না। তাদের অবশ্যই পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। তবে কলেজ যদি কোনো আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করে, তাহলে ওই শিক্ষার্থী রিলিজ স্লিপেও আবেদন করার সুযোগ পাবেন না।
আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজগুলো ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদনকারীদের প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে পারবে। এছাড়া কলেজ কর্তৃপক্ষকে নিশ্চয়নকৃত আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রতি শিক্ষার্থী ৮০০ টাকা ভর্তি ফান্ডে ১১ থেকে ১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্ত ও নিয়মাবলি অনুসরণ করেই আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus (Professional) এবং Important Notice অপশনে পাওয়া যাবে।

