পিরোজপুরের ‘সোহরাওয়ার্দী সরকারি কলেজ’-এর নাম সংশোধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন থেকে প্রতিষ্ঠানটির নাম হবে ‘সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর’। বিভিন্ন সরকারি দপ্তরে কলেজটির নাম ভিন্নভাবে ব্যবহারের কারণে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হওয়ায় নাম সংশোধনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মিউজকে বিভিন্ন ডিভাইসে ব্যবহারের সুযোগ দিচ্ছে মেটা
এ বিষয়ে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর একটি প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটির নাম এত দিন ‘সোহরাওয়ার্দী সরকারি কলেজ, পিরোজপুর’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালসহ বিভিন্ন দপ্তরের নথিতে প্রতিষ্ঠানটির নাম ‘সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর’ হিসেবে উল্লেখ করা হচ্ছিল।
একই প্রতিষ্ঠানের নাম ব্যবহারে এ ধরনের ভিন্নতার কারণে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাবৃত্তির আবেদন এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজটির নাম সংশোধনের সিদ্ধান্ত নেয়।
সংশোধিত নাম অনুযায়ী, কলেজটির ইংরেজি নাম হবে ‘GOVT. SOHRAWARDY COLLEGE, PIROJPUR’।
আরও পড়ুন: এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব দপ্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কলেজটির সংশোধিত নাম অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

