গণঅভ্যুত্থানে আহত ২৬৯ শিক্ষার্থীর পরীক্ষার ফি মওকুফ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার (১ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন, তাদের পরীক্ষা সংক্রান্ত সব ধরনের ফি মওকুফ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের সনদ (সার্টিফিকেট) ও ট্রান্সক্রিপ্ট ফি নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে। ফি মওকুফের সুবিধা পেতে সংশ্লিষ্ট আহত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম-অবহেলা পেলে পরীক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকা পর্যালোচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২৬৯ শিক্ষার্থীর তথ্য শনাক্ত করেছে।

এসব শিক্ষার্থীর সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ছাড়া পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সব ফি মওকুফের জন্য অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!