ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সংঘর্ষ, হল থেকে বহিষ্কার ৩

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢাকা কলেজ
ঢাকা কলেজ|ছবি: সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন শিক্ষার্থীকে আবাসিক হল থেকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন। সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার মেঘনা ফিলিং স্টেশনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, এইচএসসি-২৭ ব্যাচের উত্তর ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী নবি কয়েকদিন ধরে ক্লাস ও হলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি তার বন্ধু স্বচ্ছ নবির বাবাকে জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২৬ জুলাই) রাতে নবি ও স্বচ্ছের মধ্যে বাগবিতণ্ডা হয়।

আরও পড়ুন: বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

এরই জেরে সোমবার পরীক্ষা শেষে নিউ মার্কেটের মেঘনা ফিলিং স্টেশনের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কলেজের আরও ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী এতে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে ইটের আঘাতে সিয়াম নামে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। এছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে কলেজের উত্তর ছাত্রাবাসের হল প্রভোস্ট মো. ইকবাল হোসাইন বলেন, এক বন্ধু তার আরেক বন্ধুকে হল ও ক্লাসে না দেখে তার বাবাবে ফোন দিয়ে জানায়। এ নিয়ে সমস্যার উৎপত্তি। পরে ২ গ্রুপ সকালে একবার মারামারি করে। পরবর্তীতে আবার দুপুর ১২টার দিকে পাম্পে মারামারি করে। সেখানে ২ শিক্ষার্থীর মাথা ফাটে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন তিন অধ্যাপক

তিনি আরও বলেন, শৃঙ্খলাভঙ্গ এবং গ্রুপিংয়ের অভিযোগের সত্যতা পাওয়ায় কলেজ প্রশাসন ও হল কমিটির সিদ্ধান্তে কলেজের দক্ষিণ ছাত্রাবাসের দুইজন এবং উত্তর ছাত্রাবাসের একজনসহ মোট তিনজন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। আর তিন শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!