ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ডি.জে.এস. সোশ্যাল ইমপ্যাক্ট ক্লাবের সভাপতি মারিয়া রহমান ২০২৬ সালের মিলেনিয়াম ফেলোশিপের ঢাকা বিশ্ববিদ্যালয় কোহর্ট বি-এর দুইজন ক্যাম্পাস পরিচালকের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি ২০২৬ সালের মিলেনিয়াম ফেলোশিপের জন্য ফেলো হিসেবে নির্বাচিত হন। ইউএন একাডেমিক ইম্প্যাক্ট ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের যৌথ উদ্যোগে পরিচালিত এ ফেলোশিপে এ বছর ১৭০টিরও বেশি দেশের ৬ হাজারের বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৬ হাজারের বেশি তরুণ আবেদন করেন। এর মধ্য থেকে ৬০টি দেশের ৩৩০টির বেশি ক্যাম্পাস নির্বাচিত হয়েছে এবং ২০২৬ সালের আয়োজনে ৫ হাজার ৫০০-এর বেশি তরুণ ফেলো অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: যুগোপযোগী উচ্চশিক্ষায় আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস পরিচালক হিসেবে মারিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোহর্ট বি-এর ফেলোদের কার্যক্রম সমন্বয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করবেন।
মারিয়া রহমান গত ছয় বছর ধরে লিঙ্গসমতা প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কার্যক্রমে কাজ করছেন। তিনি ‘সাসটেইনেবল এমপাওয়ারমেন্ট ফর ইকুইটি অ্যান্ড ডেভেলপমেন্ট’ বা সিড-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। সংগঠনটি বাংলাদেশে মানসম্মত শিক্ষা ও লিঙ্গসমতা নিশ্চিত করার লক্ষ্যে তরুণদের নেতৃত্বে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি.জে.এস. সোশ্যাল ইমপ্যাক্ট ক্লাবের সভাপতির পাশাপাশি তিনি ‘ইভোলিউশন ৩৬০’-এর প্রচার ও ব্র্যান্ডিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবাধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণের ক্ষেত্রেও তাঁর সক্রিয়তা রয়েছে। তিনি অ্যাপ্লায়েড ডেমোক্রেসি ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবাধিকারবিষয়ক মাস্টার ট্রেইনার এবং গণতন্ত্রবিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে সার্ক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে ফুল-ফান্ডেড স্কলারশিপ
আন্তর্জাতিক পর্যায়েও মারিয়ার অংশগ্রহণ রয়েছে। তিনি জাতিসংঘের নারীর মর্যাদাবিষয়ক কমিশনের ৬৮তম অধিবেশনে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। কমিউনিটি সেবা, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে ধারাবাহিক অবদানের জন্য তিনি ডিউক অব এডিনবার্গের আন্তর্জাতিক পুরস্কারের ব্রোঞ্জ পর্যায়ও অর্জন করেছেন।
মারিয়া রহমান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন।
তাঁর এই নির্বাচন তরুণ নেতৃত্ব, লিঙ্গসমতা, মানবাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ ও টেকসই উন্নয়নে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

