চুয়েটের পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

জিটি রিপোর্ট

প্রকাশ:

দুই শিক্ষার্থীর মৃত্যু
দুই শিক্ষার্থীর মৃত্যু |ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্ণব চন্দ্র (২২) এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত দেব (২৩)। তারা দুজনই ২০২৪ ব্যাচের শিক্ষার্থী।

সহপাঠীরা জানান, দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামেন অর্ণব ও শান্ত। প্রায় ১টা ২০ মিনিটের দিকে তারা পানিতে তলিয়ে যান। শিক্ষার্থীরা উদ্ধার করে প্রথমে অর্ণবকে প্রায় ১০ মিনিট পর এবং শান্তকে প্রায় ৪০ মিনিট পর উদ্ধার করেন। পরে তাদের চুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন :এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে

এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই পুকুরে তিন শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিকে দুর্ঘটনা রোধে পুকুরটি সেচে ফেলা এবং বাঁশ দিয়ে চারপাশ ঘিরে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিহতদের বাড়িতে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে দুটি বাসের ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে।

আরও পড়ুন: মানবিকে ১০০ ছাত্রের ৫৯ জনই ফেল, এগিয়ে মেয়েরা

চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, চুয়েটের মেধাবী শিক্ষার্থী অর্ণব চন্দ্র ও শান্ত দেবের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের হারিয়ে চুয়েট পরিবার অত্যন্ত বেদনাহত। কয়েক মাস পরেই যাদের প্রকৌশলী হওয়ার কথা ছিল, তাদের এভাবে হারানো অত্যন্ত মর্মান্তিক। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!