ছয় বিভাগে শিক্ষার্থী ভর্তি করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

 ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ছয়টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) এসব বিভাগে শিক্ষার্থী ভর্তির বিষয়ে অনুমোদন দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

অনুমোদন পাওয়া বিভাগগুলো হলো- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এগ্রিকালচার, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি, হিসাববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং জনস্বাস্থ্য বিভাগ।

তবে বিভাগগুলোর অনুমোদনসংক্রান্ত চিঠিতে বেশ কিছু শর্ত উল্লেখ করেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় থাকবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে গুচ্ছ ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র হিসেবেও দায়িত্ব পালন করবে বিশ্ববিদ্যালয়টি।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাষাকোর্সে ভর্তি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল বলেন, বিশ্ববিদ্যালয়ে ছয়টি বিভাগ চালুর অনুমোদন দিয়েছে সরকার। প্রতিটি বিভাগে ৪০ থেকে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আদর্শ সুনাগরিক এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে বদ্ধপরিকর।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে এমনভাবে পরিচালনা করতে চান, যাতে গ্র্যাজুয়েশন শেষ করার পর কোনো শিক্ষার্থী বেকার না থাকে। দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!