বিদ্যুৎ সরবরাহের স্বল্পতার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নির্ধারিত সূচি অনুযায়ী লোডশেডিং করা হবে। এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (DPDC) বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছে।
রবিবার (২৩ আগস্ট) বুয়েটের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষাশিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ
এতে বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী লোডশেডিংয়ের সময় বুয়েটের নিজস্ব জেনারেটরের মাধ্যমে সব স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বুয়েটে লোডশেডিংয়ের সময়সূচি হলো, সকাল ৬-৭টা, সকাল ১০টা থেকে বেলা ১১টা, বেলা ২-৩টা, রাত ১২-১টা এবং রাত ৩-৪টা। প্রতিটি সময়ে এক ঘণ্টা করে লোডশেডিং থাকবে।
আরও পড়ুন: কাজী ফার্মস অফিসার নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের প্রধান প্রকৌশলী ড. এ কে এম জাহাঙ্গীর আলম বলেন, ‘রবিবার বিকেলে নোটিশটি জারি করেছি। আমরা চেষ্টা করছি, যেন লোডশেডিং না দিতে হয়। ডিপিডিসি যেই মুহূর্তে বিষয়টি সমাধান করতে পারবে, তখনই স্বাভাবিক হবে।’
তবে কতদিন লোডশেডিং চলতে থাকবে এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

