বাউবির পরীক্ষা চলাকালে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা
প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা|ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আহত সাংবাদিকরা।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নটর ডেম কলেজ, আবেদন ১ থেকে ১০ সেপ্টেম্বর

সাংবাদিক রাব্বি আহমেদ অভিযোগ করেন, ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজে যান। সেখানে গিয়ে কয়েকজন পরীক্ষার্থীকে বই খুলে পরীক্ষা দিতে দেখতে পান তারা। বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে মনিরুজ্জামান বিপ্লবসহ কলেজের কয়েকজন শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

আহত সাংবাদিক তারেক হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দিতে দেখেন। এ বিষয়ে জানতে চাইলে দুই শিক্ষক তাদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।


আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ, আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের পক্ষ থেকে থানায় এসে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!