মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার আহ্বান

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’-এর সুবিধা নিতে আহ্বান
‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’-এর সুবিধা নিতে আহ্বান|ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ভিসা ও বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে দেশে ফেরার প্রক্রিয়ায় দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়া সরকারের ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’-এর আওতায় অনিয়মিত ও নথিবিহীন বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরার সুযোগ রয়েছে। নির্ধারিত নিয়ম মেনে বাংলাদেশিরাও এ কর্মসূচির সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন: গ্রাহকদের টাকা ফেরাতে ৫ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

দেশে ফিরতে ইচ্ছুকদের প্রথমে বৈধ বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে। এরপর নিশ্চিত বিমান টিকিট নিয়ে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে আবেদন করতে হবে।

আবেদনকারীকে অবশ্যই নিজে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। কোনো দালাল, প্রতিনিধি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না।

আবেদনের সময় পাসপোর্ট বা ট্রাভেল পারমিট, প্রয়োজনীয় কপি, ইমিগ্রেশন পাসের কপি এবং নিশ্চিত বিমান টিকিটসহ নির্ধারিত কাগজপত্র সঙ্গে রাখতে হবে। পাশাপাশি প্রযোজ্য সরকারি ফি ও জরিমানা অনুমোদিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস

দালালদের বিষয়ে সতর্ক করে হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’-এর আওতায় আবেদন করতে কোনো দালালকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে টাকা দাবি করলে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

হাইকমিশন আরও জানিয়েছে, ভিসাহীন বা নথিবিহীন বাংলাদেশিদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। কর্মসূচির সর্বশেষ নিয়ম ও তথ্য জেনে নির্ধারিত প্রক্রিয়ায় নিরাপদে দেশে ফেরার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!