দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ

জিটি রিপোর্ট

প্রকাশ:

আইনি প্রক্রিয়া চলমান
আইনি প্রক্রিয়া চলমান|ছবি: সংগৃহীত

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে ৩০ জুলাই আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।

গণমাধ্যমকে বেনজীর আহমেদ জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: আগস্টে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গণমাধ্যমের একাধিক সূত্র জানায়, জামিনের ক্ষেত্রে দুবাইয়ের আদালত কয়েকটি শর্ত আরোপ করেছে। এর মধ্যে বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

সূত্রগুলো আরও জানায়, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথিপত্র এবং সংশ্লিষ্ট আইনি বিষয় নিয়ে আদালতে উভয় পক্ষের শুনানি শেষে শর্তসাপেক্ষে জামিনের সিদ্ধান্ত দেওয়া হয়। তবে এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। দুবাই পুলিশের সহায়তায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে গত ১২ জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: সরকারি ভ্যাকসিন না দেওয়ায় দুইজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ স্বাস্থমন্ত্রীর

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‍্যাবের মহাপরিচালক ছিলেন। ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‍্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে সেই তালিকায় তার নামও অন্তর্ভুক্ত ছিল।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!