সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ শনিবার (৮ আগস্ট) থেকে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে। শনিবার সকালে রিয়াদ থেকে আসা প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ভিন্সেন্ট কোস্টা।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় দলে সাকিবের আর ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরবকে বিশ্বের প্রধান বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে সংযুক্ত করা এবং যাত্রীদের আন্তর্জাতিক মানের আধুনিক সেবা দেওয়াই রিয়াদ এয়ারের মূল উদ্দেশ্য। ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ফলে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ ও যাতায়াত সুবিধা বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের ক্ষেত্রে বিপুল চাহিদা পূরণ সম্ভব হবে।
রিয়াদ এয়ার তাদের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
উভয় দেশের স্থানীয় সময় অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইটটি ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে এবং রিয়াদ পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

