চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম আট দিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে ৬৪০ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪২ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ থেকে ৮ আগস্ট—এই তিন দিনে দেশে ৩১৩ মিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগে ৪ ও ৫ আগস্ট দুই দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৬ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক নিয়োগ
এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২১ শতাংশ।
ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। আগস্টের শুরুতেও সেই ধারা অব্যাহত থাকায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ে আরও গতি আসার প্রত্যাশা তৈরি হয়েছে।

