এইচএসসি পরীক্ষার সপ্তম দিনে অনুপস্থিত ২০ হাজার, বহিষ্কার ১৫ জন

জিটি রিপোর্ট

প্রকাশ:

এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষা|ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনে নকল, অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ২০ হাজার ৫২ জন পরীক্ষার্থী।

বুধবার (১৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১০১ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬৯ শতাংশ। এসব বোর্ডে অনিয়মের দায়ে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৪৫০ জন। আর সবচেয়ে কম অনুপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডে, যেখানে পরীক্ষায় অংশ নেননি ১৯৯ জন।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বোর্ডে ৬৮ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৬০৬ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৮৫৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৭ দশমিক ০৯ শতাংশ। নকল ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ বোর্ডে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, চলছে বিক্ষোভ

অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ এবং উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ৮০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭৭ হাজার ২০৮ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৯৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৮৬ শতাংশ। তবে কারিগরি শিক্ষা বোর্ডে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। সব মিলিয়ে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এদিন ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন এবং মোট ২০ হাজার ৫২ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!