২০২৭ সালের এসএসসি পরীক্ষার টেস্টের সময়সূচি ঘোষণা

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

এসএসসি ও সমমানের পরীক্ষা
এসএসসি ও সমমানের পরীক্ষা|ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের আগে শিক্ষার্থীদের নির্বাচনি বা টেস্ট পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ২০২৬।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং আগের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বাদে অন্য সব শিক্ষার্থীর নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। অর্থাৎ, নিয়মিত শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য টেস্ট পরীক্ষায় অংশ নিতে হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

বিজ্ঞপ্তিতে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য সিলেবাসের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে।

অন্যদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নপত্রে অংশ নিতে হবে।

সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ের নম্বর এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসব নম্বর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রকে সরবরাহ করবে।

পরবর্তী সময়ে কেন্দ্রগুলো ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বরও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের নম্বরসংবলিত হাতে লেখা মূল নম্বরপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।

আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষার ফল ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে প্রকাশ করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!