অভিনয়ের ব্যস্ততা থেকে একটু অবসর পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন তাসনিয়া ফারিণ। নতুন শহর, ঐতিহাসিক স্থাপনা কিংবা প্রকৃতির নৈসর্গ—সবকিছুকেই নিজের মতো করে উপভোগ করতে ভালোবাসেন এই অভিনেত্রী। এবার তাঁর ভ্রমণের গন্তব্য ফ্রান্সের প্যারিস। তবে শহরের সৌন্দর্যের চেয়েও তাঁর একটি উপলব্ধিই বেশি আলোচনায় এসেছে।
আরও পড়ুন: কানাডার সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান–অধরা খান
প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ের অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ফারিণ। উনিশ শতকের ঐতিহাসিক এই স্থাপনার সামনে কালো পোশাকে হাসিমুখে দেখা গেছে তাঁকে। পেছনে নীল আকাশ আর স্থাপত্যের নান্দনিকতা—সব মিলিয়ে ছবিটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। তবে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেই যেন অন্য এক ফারিণকে পাওয়া গেল। তিনি লিখেছেন, “এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না।”
আরও পড়ুন: ক্রোয়েশিয়ার অভিজ্ঞ গোলকিপারকে দলে ভেড়াল বার্সেলোনা
এরপর জীবনের ক্ষণস্থায়িত্বের কথা তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, মানুষ কেবল এমন এক মাধ্যম, যার মধ্য দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা ও প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। সময়ের নিয়মে একদিন সেই সবকিছু ছেড়ে যেতে হয়। ফারিণের এই উপলব্ধি ঘিরে তাঁর ভক্তদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। প্যারিসের মতো স্বপ্নের শহরের নান্দনিকতার সঙ্গে জীবনের অনিত্যতার এমন ভাবনা তাঁর পোস্টে যোগ করেছে ভিন্ন এক মাত্রা।
আরও পড়ুন: নেপাল-তিব্বতে আকস্মিক বন্যার কারণ কী
অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন ফারিণ। ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন বড় পর্দায় নিজের জায়গা তৈরি করছেন তিনি। গত বছর শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন। এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা গেছে তাঁকে। রুপালি পর্দার ব্যস্ততার বাইরে প্যারিসের এই সফরে তাই শুধু একটি ভ্রমণের মুহূর্ত নয়, নিজের জীবনবোধের কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তাসনিয়া ফারিণ।

