ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এবার যুক্ত হচ্ছেন কানাডার মাটিতে নির্মিতব্য একটি বাংলাদেশি সিনেমায়। আর এই সিনেমায় তাঁর সঙ্গে জুটি বাঁধছেন আরেক চিত্রনায়িকা অধরা খান। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। জায়েদ খান ও অধরা খান দুজনই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সিনেমাটির গল্প, পরিচালক কিংবা অন্যান্য তথ্য আপাতত প্রকাশ করতে চান না তারা। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: নেপাল দুর্যোগে নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ টিম
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছেন তিনি। এবার সেই ব্যস্ততার মধ্যেই কানাডায় নির্মিতব্য সিনেমায় অভিনয়ের মাধ্যমে নতুন অভিজ্ঞতা যোগ করতে যাচ্ছেন এই অভিনেতা। অন্যদিকে ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর স্টেজ শো, বিজ্ঞাপন ও বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন অধরা খান। হলিউডের কাজের পাশাপাশি এবার আবারও যুক্ত হচ্ছেন দেশীয় চলচ্চিত্রের সঙ্গে।
আরও পড়ুন: দুই বছর পর অন্তর্জালে ‘পদাতিক’, আবারও আলোচনায় চঞ্চল চৌধুরী
২০১৮ সালে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অধরা খানের। এরপর ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কানাডায় কাজের পাশাপাশি দেশের সিনেমাতেও ব্যস্ত রয়েছেন অধরা। তাঁর অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ইউরোপে শুটিং হতে যাওয়া নতুন একটি সিনেমাতেও কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। জায়েদ ও অধরার এই নতুন জুটি বড় পর্দায় কতটা সাড়া ফেলতে পারে, এখন সেই অপেক্ষাতেই দর্শক।

