স্টুডিওর গণ্ডি পেরিয়ে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা, ভোটাভুটি আর বিশেষ কনসার্টের আয়োজন নিয়ে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’। ২৬ অক্টোবর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে শুরু হয়েছে এই আয়োজন।
পর্যায়ক্রমে দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে এটি। প্রতিযোগিতায় সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজন করা হবে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট। ভোট দিতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনে স্ক্র্যাচ কার্ড সংগ্রহ করতে হবে। কার্ডে থাকা ইউনিক কোড ক্যাম্পেইনের মাইক্রোসাইটে ব্যবহার করে নিজেদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট দেওয়া যাবে। প্রতিযোগিতার অবস্থান জানার জন্য থাকবে লাইভ লিডারবোর্ড।
আরও পড়ুন: আগুন, রক্ত আর রহস্য—শাহরুখের ‘কিং’ পোস্টারে চমক
শুধু ভোটেই সীমাবদ্ধ থাকছে না আয়োজন। ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ উদ্যোগে শিক্ষার্থীরা নিজেদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। ক্যাম্পাসে স্থাপিত বিশেষ রেকর্ডিং কিয়স্কে কোক স্টুডিও বাংলার যেকোনো গানের কভার পরিবেশনা রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে হবে। এরপর ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওর লিংক জমা দিতে হবে।
প্রতিটি বিজয়ী বিশ্ববিদ্যালয় থেকে সেরা পারফরম্যান্স এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থী ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ পাবেন। কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, সংগীতের মাধ্যমে মানুষকে একত্র করা এবং নতুন প্রতিভাকে উদযাপন করাই কোক স্টুডিও বাংলার লক্ষ্য।
আরও পড়িুন: ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে চুয়েটের আংশিক শিক্ষা কার্যক্রম চালু
নতুন এই উদ্যোগের মাধ্যমে তরুণদের আরও কাছে গিয়ে তাদের নিজেদের মতো করে সংগীতের অভিজ্ঞতায় যুক্ত করতে চান তাঁরা। বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন ক্যাম্পাসে সংগীতের উৎসব তৈরি হবে, অন্যদিকে নতুন শিল্পীদেরও বড় মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

