আগুন, রক্ত আর রহস্য—শাহরুখের ‘কিং’ পোস্টারে চমক

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

নতুন পোস্টারে রহস্য বাড়ালেন শাহরুখ খান
নতুন পোস্টারে রহস্য বাড়ালেন শাহরুখ খান|ছবি: সংগৃহীত

রক্তের দাগ, পাকা চুল আর আগুনে ঘেরা পটভূমি—রোমান্টিক নায়কের পরিচিত রূপ ছেড়ে এবার যেন এক রহস্যময় চরিত্রে হাজির শাহরুখ খান। আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন বলিউড বাদশাহ।

মঙ্গলবার সকালে প্রকাশিত পোস্টারে কালো পোশাকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাহরুখকে। তাঁর চুল ও দাড়িতে পাক ধরেছে, পোশাকেও রয়েছে রক্তের দাগ। সব মিলিয়ে পোস্টারজুড়ে অ্যাকশন ও ধ্বংসযজ্ঞের আবহ। তবে দৃশ্যের চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে পোস্টারের সংলাপ।

আরও পড়ুন: জন্মদিনে স্বপ্নের চেয়েও বড় উপলব্ধি তৌসিফের

শাহরুখ লিখেছেন, ‘আজ আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক।’ অ্যাকশনধর্মী আবহের মধ্যে প্রেমিকের এই পরিচয় সামনে এনে চরিত্রটি সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করেছেন তিনি। এর আগে সিনেমাটির টিজার প্রকাশের পর শাহরুখের নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়। এবার পোস্টার প্রকাশের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস জানিয়েছেন ভক্তরা। কেউ তাঁকে ‘কিং’ বলে অভিহিত করেছেন, কেউ আবার সিনেমাটিতে নতুন মাত্রার অ্যাকশন দেখার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রযোজনায় রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স। শাহরুখের সঙ্গে এতে অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও তাঁর মেয়ে সুহানা খান।

আরও পড়ুন: ৭৫ হাজার টাকার শাড়ি ঘিরে বিতর্ক, তিশার বিরুদ্ধে আরও মামলা

শাহরুখের জন্মদিন ২ নভেম্বর সামনে রেখে সিনেমাটির নতুন টিজার বা ট্রেলার প্রকাশ হতে পারে বলেও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি অনুমান হিসেবেই থাকছে। সব মিলিয়ে নতুন পোস্টার ও রহস্যময় সংলাপে ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন শাহরুখ। এবার পর্দায় তাঁর এই ভিন্ন অবতার কতটা চমক দেখায়, সেটিই দেখার অপেক্ষা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!