রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।”
আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তাঁর ধারণা, এ বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
কৃষি খাতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল জানান, কৃষির উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। পাশাপাশি রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিকে লাভজনক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অভিহিত করে তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোটে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করেছে। দলটি একাধিকবার সরকার পরিচালনার দায়িত্বও পালন করেছে।
আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ
তিনি আরও বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সে রকমভাবে গড়ে উঠেছে।
এর আগে মির্জা ফখরুল বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে শিল্পকলা একাডেমিতে সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

