আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বিএনপি এবং প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এসব মনোনয়নপত্রের যাচাই-বাছাই শুরু হয়েছে আজ রোববার (১৬ আগস্ট)।
যাচাই-বাছাইয়ের পর বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নেতা
রোববার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু উপস্থিত ছিলেন।
এর আগে আজ বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে ইসি।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট
ইসি জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

