২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ঘিরে একের পর এক বিতর্কের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) বদলির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবার সংস্থাটির নয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তারা সবাই বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য। তাদের এনসিটিবি থেকে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজ পিডিএসে লগইন করে অবমুক্তি ও যোগদানপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন:চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ পাঠ্যবই অনুমোদন
এর আগে গতকাল রবিবার (২৫ অক্টোবর) পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা-সংক্রান্ত বিতর্কের ঘটনায় এনসিটিবির আরেক কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল জোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে বদলি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছিল।
তবে পাঠ্যবইয়ে নৌকা-সংক্রান্ত বিতর্কে আলোচনায় আসা প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ের মূল দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ মো. আব্দুল মুমিন মোসাব্বির এবং তৃতীয় শ্রেণির বাংলা বইয়ের বিশেষজ্ঞ মো. রাকিবুর রহমানকে বদলি করা হয়নি।


