যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজ সমূহের মধ্যে যেসব প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলোকে জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানের স্বীকৃতিসহ বিষয় ও বিভাগের স্বীকৃতি নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। স্বীকৃতি নবায়ন না থাকলে সংশ্লিষ্ট কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করা হবে না বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. কবুয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড অনার্স ৩য় বর্ষের মৌখিক পরীক্ষার তারিখ ও কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্র বোর্ডের আওতাভুক্ত সকল প্রতিষ্ঠান (কলেজ পর্যায়) প্রধান কে জানানো যাচ্ছে যে, যাদের প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদ শেষ হয়েছে তাদের জরুরী ভিত্তিতে প্রতিষ্ঠানের স্বীকৃতি, বিষয় ও বিভাগের স্বীকৃতি নবায়ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানের পাশাপাশি বিষয় ও বিভাগের মেয়াদ থাকা সাপেক্ষেই কেবল একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের নিবন্ধন প্রদান করা হবে। যদি স্বীকৃতি না থাকার কারণে শিক্ষার্থীদের নিবন্ধনে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই এর সম্পূর্ণ দায়ভার নিতে হবে এবং বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


