চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) বিতরণ শুরু হবে আগামী ৩ নভেম্বর। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সূচি অনুযায়ী ১০ নভেম্বর পর্যন্ত এসব নম্বরপত্র সংগ্রহ করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের সনদ শাখা থেকে নম্বরপত্র বিতরণ করা হবে।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় অবস্থিত সনদ শাখা থেকে মূল নম্বরপত্র সংগ্রহ করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ পেছাল, নতুন তারিখ ৩১ অক্টোবর
এ ক্ষেত্রে প্রাধিকারপত্র, উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগভিত্তিক তালিকা এবং তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষর জমা দিতে হবে। পাশাপাশি ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপি দিতে হবে। আবেদনপত্রে কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষরও বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত কাগজপত্র ছাড়া কোনো অবস্থাতেই মূল নম্বরপত্র বিতরণ করা হবে না।
কোন জেলায় কবে নম্বরপত্র বিতরণ
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সূচিতে জেলাভিত্তিক নম্বরপত্র বিতরণ করা হবে।
৩ নভেম্বর: মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠান;
৪ নভেম্বর: শরীয়তপুর ও মানিকগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান;
৫ নভেম্বর: গাজীপুর ও রাজবাড়ী জেলার শিক্ষাপ্রতিষ্ঠান;
৮ নভেম্বর: নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলার শিক্ষাপ্রতিষ্ঠান;
৯ নভেম্বর: নরসিংদী, ঢাকা জেলা ও গোপালগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান;
১০ নভেম্বর: কিশোরগঞ্জ জেলা ও ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠান।


