এক সপ্তাহের মধ্যে নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

মানববন্ধন
মানববন্ধন |ছবি: সংগৃহীত

১৯তম বা নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। একই সঙ্গে ভবিষ্যতে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা পৃথকভাবে আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

রবিবার (১১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘৯ম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি উত্থাপন করা হয়।

আরও পড়ুন: ইউটিউব থেকে ঘরে বসে আয় করবেন যে কৌশলে

মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা বলেন, প্রায় তিন বছর ধরে নতুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় অসংখ্য শিক্ষিত বেকার ও চাকরিপ্রার্থী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দীর্ঘদিন পরীক্ষা না হওয়ায় তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং বয়স বেড়ে যাওয়ায় অনেকের চাকরিতে প্রবেশের সুযোগ কমে আসছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘ সময় ধরে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও যোগ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। এর ফলে শুধু চাকরিপ্রত্যাশীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

মানববন্ধনে এক চাকরিপ্রত্যাশী বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে তারা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। একের পর এক সংকট এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার দীর্ঘসূত্রতায় অনেকের বয়স বেড়েছে, নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ সময় এবং সীমিত হয়ে এসেছে চাকরিতে প্রবেশের সুযোগ। এই ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান তিনি।

আরও পড়ুন: স্মার্টফোনের অ্যাপ নিয়মিত আপডেট রাখা জরুরি কেন?

বক্তারা জানান, চাকরিপ্রত্যাশীদের ভবিষ্যৎ এবং দেশের শিক্ষা ব্যবস্থার স্বার্থে অক্টোবর মাসের মধ্যেই ১৯তম বা নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রয়োজন। পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষাসহ নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি পুনর্ব্যক্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। এ ছাড়া ভবিষ্যতে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা আলাদাভাবে আয়োজনের দাবি জানান তারা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!