শিক্ষার্থী, প্রশিক্ষক ও পেশাজীবীদের জন্য অতিপরিচিত ও প্রয়োজনীয় একটি মাধ্যম পাওয়ার পয়েন্ট। সব ধরনের দাপ্তরিক কাজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়। তথ্য ও ভাবনাকে সহজে তুলে ধরতে এর ব্যবহার বেশ কার্যকর। তবে শুধু তথ্য সাজালেই আকর্ষণীয় প্রেজেন্টেশন হয় না। প্রয়োজন সুন্দর বিন্যাস, মানানসই রং, উপযুক্ত ফন্ট ও প্রাসঙ্গিক ছবি। কয়েকটি সহজ কৌশল জানলেই আপনার উপস্থাপনা হয়ে উঠতে পারে আরও সুন্দর, সাবলীল ও কার্যকর।
আরও পড়ুন: নিখুঁত হওয়ার অতিরিক্ত চেষ্টা যেভাবে মানসিক চাপ বাড়ায়
থিম হোক বিষয়ভিত্তিক
প্রেজেন্টেশনের প্রথম পরিচয় এর থিমে। আপনি কোন বিষয়ের ওপর প্রেজেন্টেশন দেবেন, তার ওপর নির্ভর করবে থিমের ধরন। শিক্ষা, ব্যবসা, গবেষণা কিংবা সৃজনশীল কাজ, প্রতিটি বিষয়ের জন্য থিমেও থাকা চাই আলাদা ভাব। তাই পাওয়ার পয়েন্টের ডিফল্ট থিমেই থেমে না থেকে বিষয় অনুযায়ী সহজ, পরিচ্ছন্ন ও মানানসই থিম বেছে নিন।
রঙে থাকুক সামঞ্জস্য
রং প্রেজেন্টেশনে প্রাণ আনে। সঠিক রঙের ব্যবহার একটি সাধারণ স্লাইডকেও করে তুলতে পারে আকর্ষণীয়। তবে রঙের বাহুল্য সৌন্দর্যের বদলে তৈরি করতে পারে বিশৃঙ্খলা। তাই বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে দুই-তিনটি মানানসই রং বেছে নেওয়া ভালো। একই প্রেজেন্টেশনে রঙের ব্যবহারেও রাখুন ধারাবাহিকতা। এতে প্রতিটি স্লাইডে ফুটে উঠবে পরিমিত সৌন্দর্য।
ফন্টে ফুটে উঠুক বক্তব্য
প্রেজেন্টেশনে ফন্ট শুধু লেখার মাধ্যম নয়, বক্তব্যকে গুরুত্ব দেওয়ারও একটি কৌশল। শিরোনাম, উপশিরোনাম ও মূল বক্তব্য আলাদা করে বোঝাতে ফন্টের আকার ও ধরনে বৈচিত্র্য আনা যায়।
আরও পড়ুন: সুখী জীবনের ৯ মন্ত্র, যা বদলে দিতে পারে মন
তবে বেশি ধরনের ফন্ট ব্যবহার করলে প্রেজেন্টেশনের সৌন্দর্য নষ্ট হতে পারে। তাই সহজে পড়া যায়, এমন পরিচ্ছন্ন ফন্ট বেছে নিন। ফন্টের বৈচিত্র্য থাকুক, কিন্তু তা যেন পেশাদারত্বের সীমা না ছাড়ায়।
বড় লেখার বদলে বুলেট
প্রেজেন্টেশন কোনো দীর্ঘ রচনা নয়। স্লাইডে অনেক লেখা থাকলে শ্রোতার মনোযোগ বক্তব্য থেকে সরে গিয়ে লেখার দিকে চলে যেতে পারে। তাই দীর্ঘ অনুচ্ছেদের বদলে মূল কথাগুলো তুলে ধরুন বুলেট পয়েন্টে। একটি স্লাইডে একটি মূল ভাব রাখার চেষ্টা করুন। সংক্ষিপ্ত শব্দ ও ছোট বাক্যে বক্তব্য সাজান। বিস্তারিত ব্যাখ্যার দায়িত্ব থাকুক উপস্থাপকের কণ্ঠে, স্লাইডের লেখায় নয়।
ছবিতে বাড়ুক আকর্ষণ
শুধু লেখা দিয়ে সাজানো প্রেজেন্টেশন একসময় একঘেয়ে হয়ে উঠতে পারে। তাই বক্তব্যের সঙ্গে মিল রেখে প্রাসঙ্গিক ও ভালো মানের ছবি ব্যবহার করুন। একটি যথাযথ ছবি অনেক সময় দীর্ঘ ব্যাখ্যার কাজও করে দিতে পারে। তবে শুধু সৌন্দর্যের জন্য ছবি যোগ করার প্রয়োজন নেই। ছবিটি যেন বক্তব্যকে সমৃদ্ধ করে এবং শ্রোতাকে বিষয়টি বুঝতে সাহায্য করে। ছবির মানও হতে হবে ভালো, যাতে বড় পর্দায় তা অস্পষ্ট না দেখায়।
আরও পড়ুন: টিকটিকি দেখলে ভয় লাগে, জানুন কারণ
এআইয়ের সাহায্যে আরও সহজে
এখন পাওয়ার পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুবিধা ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরির কাজ আরও সহজ করা যায়। বিষয় অনুযায়ী স্লাইডের কাঠামো তৈরি, লেখার পরিমার্জন, ছবি বা ডিজাইনের ধারণা নেওয়া, এসব কাজে এআই সহায়ক হতে পারে। তবে এআইয়ের তৈরি তথ্য সরাসরি ব্যবহার না করে তা যাচাই করে নেওয়া জরুরি।
ভালো প্রেজেন্টেশনের মূল কথা হলো, কম লিখুন, সুন্দর করে সাজান, সহজ করে বলুন। থিম, রং, ফন্ট, বুলেট পয়েন্ট, ছবি ও এআইয়ের ব্যবহারে রাখুন ভারসাম্য। তাহলেই আপনার স্লাইড হয়ে উঠবে আরও সাবলীল, আকর্ষণীয় ও প্রাণবন্ত।

