নবম শ্রেণির রেজিস্ট্রেশন নিয়ে জরুরি নির্দেশনা জারি

জিটি রিপোর্ট

প্রকাশ:

২ আগস্ট থেকে নবম শ্রেণির রেজিস্ট্রেশন, ফি ১৯৬ টাকা
২ আগস্ট থেকে নবম শ্রেণির রেজিস্ট্রেশন, ফি ১৯৬ টাকা|ছবি: সংগৃহীত

২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। এ কার্যক্রম চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে প্রতিটি শিক্ষার্থীকে ১৯৬ টাকা ফি পরিশোধ করতে হবে। তবে নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত ১৪০ টাকা যোগ হয়ে মোট ৩৩৬ টাকা পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

বোর্ড জানিয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং রেজিস্ট্রেশনের জন্য যোগ্য শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। এর বাইরে থাকা কোনো শিক্ষার্থীকে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না।

রেজিস্ট্রেশন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি শিক্ষকসহ তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে তথ্য পাঠানোর আগে শিক্ষার্থীদের ভর্তি ফরমের তথ্যের সঙ্গে তা যাচাই করবে এ কমিটি। কোনো ভুল তথ্য পাঠানো হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট কমিটির সদস্যদের বহন করতে হবে। একই সঙ্গে রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনো শিক্ষার্থীকে সম্পৃক্ত না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

বিভাগ নির্বাচন প্রসঙ্গে বোর্ড জানিয়েছে, অভিভাবক ও শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগ নির্ধারণ করা হবে। তবে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল বিবেচনা করে বিভাগ নির্ধারণের সিদ্ধান্ত নিতে পারবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে বা কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!