খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের পাওনা পরিশোধের উদ্যোগ

জিটি রিপোর্ট

প্রকাশ:

শিক্ষকদের জন্য ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ
শিক্ষকদের জন্য ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ|ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দিনে বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন। আর এই দিনেই প্রধানমন্ত্রীর নির্দেশে দীর্ঘদিনের অপেক্ষায় থাকা শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। এ কারণে আজকের দিনটি জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

তিনি বলেন, আজ সারা দেশে ৭০ হাজার ১৯ জন শিক্ষককে অবসর ভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ভাতার অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

আরও পড়ুন: শিক্ষকদেরও রেহাই দেয়নি আওয়ামী লীগের লুটপাট: প্রধানমন্ত্রী

আ ন ম এহছানুল হক মিলন বলেন, জাতির ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষকদের দীর্ঘদিনের পাওনা পরিশোধের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা শিক্ষক সমাজের জন্য স্বস্তির বিষয়।

তিনি আরও বলেন, সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’-এর কর্মসূচির মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও কয়েকটি কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে সেসব কাজও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!