বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের বিভিন্ন শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
আগামী ১৩ আগস্টের মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণের মাধ্যমে আগ্রহী শিক্ষকদের অনলাইনে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অনুমোদিত ‘প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪’ অনুযায়ী এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম-দশম শ্রেণি এবং এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স একাদশ-দ্বাদশ শ্রেণির সমাপনী পরীক্ষা-২০২৭-এর জন্য প্রশ্ন প্রণেতা ও মডারেটর নির্বাচন করা হবে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিক হওয়ায় কোনো ই-মেইল বা হার্ডকপিতে আবেদন গ্রহণ করা হবে না। আগ্রহী শিক্ষকদেরকে কারিগরি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.bteb.gov.bd) বা বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট গুগল ফরম লিংকের (https://forms.gle/aJJxy6PDBkmQHJBW8) মাধ্যমে তথ্য ও আবেদন জমা দিতে বলা হয়েছে।

