নিজস্ব গবেষণা মাঠ (পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ) বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলন জোরদার করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জন, গণজমায়েত ও অবস্থান কর্মসূচি পালনের পর বুধবার (২৮ অক্টোবর) আন্দোলনের দ্বিতীয় দিনে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, গবেষণার জন্য নির্ধারিত জমি ফেরত না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে জমি পুনরুদ্ধারে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাস এবং এর জমি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এর জন্য সাময়িক কিছু অসুবিধা হলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে তা মেনে নিতে সম্মত হয়েছি।’
আরও পড়ুন: নকলের দায়ে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬০ শিক্ষার্থী, তালিকা দেখুন
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় পুরাতন বাণিজ্য মেলা মাঠে গণজমায়েত কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমিটিকে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই জমিতে সচিবালয়ের ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ চলছিল। এতে ক্ষুব্ধ হয়ে তারা সয়েল টেস্টের সরঞ্জাম ও যন্ত্রপাতি জব্দ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আসেন। একই সঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের টাঙানো একটি সাইনবোর্ড খুলে ক্যাম্পাসে নিয়ে যান তারা।
বুধবার সকালে শিক্ষার্থীরা আবারও বাণিজ্য মেলা মাঠে যান। মেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ না করায় আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে ভাঙচুর চালান।
এর আগে গত ১৫ অক্টোবর গবেষণা মাঠটি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একই দিনে মাঠটি ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় পরিবার।

