এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগের বিষয়ে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন|ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবেন।

গত সোমবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়াসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা মঙ্গলবার দিনভর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। বুধবার (১৫ জুলাই)ও তারা আন্দোলন চালিয়ে যান। এ প্রেক্ষাপটে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব পাঁচটি উদ্যোগ’ শিরোনামে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, বুধবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের ২ হাজার ৫৮৩টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরাও উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা গ্রহণে সৃষ্ট জটিলতা নিরসনে সরকার সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে।

প্রথমত, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, যাতায়াত বা জলাবদ্ধতার কারণে কোথাও সমস্যা দেখা দিলে প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বৃদ্ধি-সহ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক ও লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

তৃতীয়ত, প্রতিকূল আবহাওয়া বা সংশ্লিষ্ট অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

চতুর্থত, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

পঞ্চমত, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফেসবুক পোস্টে মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি কেবল একটি পরীক্ষা নয়; এটি আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণ। তাই সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনায় কাজ করছে। শিক্ষার্থীদের কল্যাণ এবং তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করাকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!