বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় মর্যাদা ও গুরুত্বের সঙ্গে দিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে দেশে সরকারি ‘সাধারণ ছুটি’ না থাকলেও ঐচ্ছিক ছুটি হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। সে অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় বুধবার বন্ধ থাকবে। তবে ছুটিটি ঐচ্ছিক হওয়ায় কোনো প্রতিষ্ঠান চাইলে এ সিদ্ধান্তের বাইরে থাকতে পারে।
আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধীন সব কলেজ বন্ধ থাকবে। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও নোটিশ জারি করেছে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার ছুটি ঘোষণা করেছে।

