রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি

জিটি রিপোর্ট

প্রকাশ:

রিজভীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের ছড়াছড়ি
রিজভীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের ছড়াছড়ি|ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি ও ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান রুহুল কবির রিজভী। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় তাঁর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান জিডিটি করেন।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

জিডিতে বলা হয়েছে, রুহুল কবির রিজভী নিজে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। তাই তাঁর নামে পরিচালিত কোনো অ্যাকাউন্টে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও বা রাজনৈতিক বক্তব্যকে তাঁর ব্যক্তিগত বা অনুমোদিত বক্তব্য হিসেবে বিবেচনা করা যাবে না।

সম্প্রতি রিজভীর নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে কয়েকটি ফেসবুক আইডি ও পেজ পরিচালনার বিষয়টি নজরে আসে। এর মধ্যে একটি অ্যাকাউন্টে ব্লু ভেরিফিকেশন বা ব্লু মার্কও রয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে সেটি রিজভীর প্রকৃত ফেসবুক অ্যাকাউন্ট—এমন ভুল ধারণা তৈরি হতে পারে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মেধা, সততা ও পরিশ্রমে আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

জিডিতে অভিযোগ করা হয়েছে, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে রাজনৈতিক বক্তব্য, মতামত, ছবি, ভিডিও ও বিভিন্ন কনটেন্ট প্রচার করা হচ্ছে। ভবিষ্যতে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে আরও বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার বা মানহানিকর বক্তব্য ছড়ানোর আশঙ্কা রয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডের কারণে রিজভীর ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি তদন্তের জন্য পুলিশকে ভুয়া আইডি ও পেজগুলোর ডিজিটাল তথ্য সংরক্ষণ এবং প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে সেগুলোর প্রকৃত পরিচালনাকারীদের শনাক্ত করার অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ এবং ভুয়া অ্যাকাউন্ট বন্ধ বা অপসারণে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

জিডিতে আরও বলা হয়েছে, রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি পরিচালনার অভিযোগ নতুন নয়। এর আগেও এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল এবং পল্টন থানায় একাধিকবার সাধারণ ডায়েরি করা হয়।

তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং প্রচলিত অন্যান্য আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!