মন খারাপ করার অধিকারও নেই, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ|ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সরকারের সমালোচনা বা নিজের অসন্তোষ প্রকাশ করলেও পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষের মন খারাপ করার অধিকারও নেই বলে মন্তব্য করেছেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “এখন বক্তব্য কী দেব? বক্তব্য তো প্রত্যেক দিনই দিচ্ছি। এখন বক্তব্য দিলে মানুষ নিজের ওপর রাগ করলেও পুলিশ এসে ধরে নিয়ে যায়। মন খারাপ করার অধিকারও আপনার নেই। পকেটে টাকা নেই, মন খারাপ হয়েছে, এটাও আপনি বলতে পারবেন না। বললেও বাড়ি থেকে তুলে নিয়ে যাবে।”

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর জিরো পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

হাসনাত আব্দুল্লাহ বলেন, “উত্তর কোরিয়ায় নিয়ম আছে, ভোট কাকে দেবেন? দাঁড়াবেন একজন, ভোট তাকেই দিতে হবে। ভোট দেওয়ার পরে এসে আবার হাততালি দিতে হবে এবং খুশি দেখাতে হবে। বলতে হবে, আমি অনেক খুশি। এখন পরিস্থিতি এমন তৈরি হচ্ছে আমাদের এই সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে, যে মন খারাপ করার অধিকারও আপনার নেই। পকেটে টাকা নেই, মন খারাপ হয়েছে, এটাও আপনি বলতে পারবেন না। বললেও বাড়ি থেকে তুলে নিয়ে যাবে।”

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার গত আট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা এবং নিজস্ব মত প্রকাশের কারণে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে। অথচ নির্বাচনের আগে তারেক রহমান দ্বিমত প্রকাশের স্বাধীনতা উৎসাহিত করার কথা বলেছিলেন। হাসনাতের দাবি, সেটি ছিল ভোট আকর্ষণ ও ভোট পাওয়ার কৌশল।

তিনি আরও বলেন, এখন তারেক রহমান প্রমাণ করছেন, তাঁর মতের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাকে বাসা থেকে তুলে নিয়ে মামলা দেওয়া হবে এবং কারাগারে পাঠানো হবে। মামলা দিতে না পারলে আইজিপিকে দিয়ে ক্রসফায়ারের হুমকি দেওয়া হবে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

আইজিপির বক্তব্যের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “আমরা যখন এর প্রতিবাদ করব, তখন স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলবেন, আইজিপি কিছু বোঝেন না, সরল মানুষ। সরল বিশ্বাসে ভুল করে কথা বলে ফেলেছেন। কয়েক দিন পর তিনি ভুলে আরেকজনকে হত্যা করে ফেলবেন। তখন আবার বলা হবে, আইজিপি বুঝতে পারেননি, সরল মানুষ ভুল করে হত্যা করে ফেলেছেন। এখন এই সরল বিশ্বাসের লোককে নিয়ে আমরা কী করব? এই সরল বিশ্বাসের আইজিপি তো আমরা চাইনি।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, তাঁরা এমন একটি পুলিশ বাহিনী চেয়েছিলেন, যারা জনগণের পুলিশ হিসেবে কাজ করবে, আইনের ধারক হবে এবং আইন বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে বাহিনীটির মনোবল ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্তও পুলিশকে ব্যবহার করে তাদের মনোবল ক্ষুণ্ন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, তাঁরা সেই পরিস্থিতির পরিবর্তন চাইলেও এখনো সেই প্রত্যাশা পূরণ হয়নি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!