কলকাতার টালিগঞ্জ এলাকার ভারতীয় এক নাগরিকের হারানো মোবাইল ফোন চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অন্যদিকে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে খুলনার বটিয়াঘাটা থেকে অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উত্তরায় এপিবিএন সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অপারেশনস এণ্ড ইনটেলিজেন্স উইংয়ের অতিরিক্ত ডিআইজি নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এপিবিএন সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার ফেসবুক মেসেঞ্জারে পাওয়া বার্তার ভিত্তিতে তথ্য যাচাই ও সাইবার সহায়তার মাধ্যমে ভারতীয় নাগরিকের মোবাইল ফোন উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়। হারানো ফোনটি Samsung S25 মডেলের। এর মালিক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জ এলাকার বাসিন্দা সৌরভ মন্ডল (৩৩)।
গত ৩১ আগস্ট ফোনটি হারিয়ে গেলে টালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে গত ৮ অক্টোবর চট্টগ্রাম শহর থেকে ফোনটি উদ্ধার করে এপিবিএন।
অন্যদিকে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮৮ হাজার ৮৯০ টাকা আত্মসাতের অভিযোগে অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ অক্টোবর খুলনার বটিয়াঘাটা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোয় অগ্রাধিকার দিতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
এপিবিএন জানায়, প্রতারণা সংক্লান্ত ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী পুলিশ সদর দপ্তরে আবেদন করা হলে সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এপিবিএনকে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মুঠোফোন ও ১৫টি সিম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ নারায়ণগঞ্জের বন্দর থানার একটি মামলায় হস্তান্তর করা হয়েছে। মামলাটি ১২ অক্টোবর করা হয়। উদ্ধার করা আলামত যাচাই-বাছাই ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এপিবিএন জানিয়েছে, অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও সাইবার সহায়তার ব্যবহার অব্যাহত রয়েছে। একই সঙ্গে অনলাইন লেনদেন এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সাইবার অপরাধ বা প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা এপিবিএনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

