মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-তে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে ক্যাডেট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ১ নভেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করা যাবে ২৯ ডিসেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে ১০৫ একর জমির ওপর বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত জাতীয় শিক্ষা কার্যক্রমের আওতায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এটি একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।
আরও পড়ুন: ক্যাডেট কলেজে ভর্তি আবেদন শুরু, করবেন যেভাবে
ভর্তির যোগ্যতা
২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। ১ জানুয়ারি ২০২৭ তারিখে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ১১ বছর এবং সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে। উচ্চতার ক্ষেত্রে ছেলেদের জন্য ৪ ফুট ৮ ইঞ্চি এবং মেয়েদের জন্য ৪ ফুট ৬ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। ওজন থাকতে হবে স্ট্যান্ডার্ড মেডিকেল চার্ট অনুযায়ী।
ভর্তি পরীক্ষা যেভাবে
ভর্তি পরীক্ষা লিখিত ও মৌখিক—দুই ধাপে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা ২ জানুয়ারি ২০২৭ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও আইকিউ বিষয়ে মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা।
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো—বাংলা ৫০, ইংরেজি ৫০, গণিত ৫০, সাধারণ জ্ঞান ৩০ এবং আইকিউ ২০ নম্বর। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
শারীরিক যোগ্যতা ও অযোগ্যতা
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত শারীরিক যোগ্যতা পূরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাঁটু বাঁকা (Knock Knee), সমতল পা (Flat Foot), বর্ণান্ধতা, অতিরিক্ত ওজন, ভেরিকোজ ভেইন, হাঁপানি, মৃগীরোগ, হৃদরোগ, বাতজ্বর, যক্ষ্মা, দীর্ঘস্থায়ী আমাশয়, হেপাটাইটিস, ডিওডেনাল আলসার, রাতকানা, ডায়াবেটিস, হিমোফিলিয়া, তীব্র অ্যালার্জিসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা থাকলে ভর্তির ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারে। এ ছাড়া বয়সসংক্রান্ত শর্ত ও অন্যান্য নিয়মও পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি ও সময়সীমা
অনলাইনে আবেদন শুরু ১ নভেম্বর ২০২৬ সকাল ৮টা থেকে। আবেদন করা যাবে ২৯ ডিসেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত। আবেদন করতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনের জন্য শিক্ষার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি (JPG), জন্মনিবন্ধন সনদের ছবি এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। ছবির নির্ধারিত সাইজ ও অন্যান্য নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফি ও প্রবেশপত্র
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ নির্ধারিত অনলাইন পেমেন্ট পদ্ধতিতে ফি জমা দেওয়া যাবে। ফি জমা সম্পন্ন হওয়ার পর আবেদনটি চূড়ান্ত হবে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩০ ডিসেম্বর ২০২৬ সকাল ৮টা থেকে ১ জানুয়ারি ২০২৭ রাত ১২টা পর্যন্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র ও প্রয়োজনীয় নির্দেশনা উল্লেখ থাকবে।
আরও পড়ুন: চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ভর্তি, আবেদন ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত
এ ছাড়া প্রার্থী ও অভিভাবকদের সুবিধার্থে প্রতিষ্ঠানে একটি ই-বুথ আউটলেটের ব্যবস্থাও রাখা হয়েছে। অনলাইনে আবেদন করতে অসুবিধা হলে নির্ধারিত সময়ে সেখানে যোগাযোগ করে আবেদন সম্পন্ন করা যাবে।
বিস্তারিত তথ্য ও আবেদন: [www.mcsk.edu.bd](http://www.mcsk.edu.bd)
সূত্র: প্রথম আলো, ১ নভেম্বর ২০২৬, পৃষ্ঠা ৭

