একাদশ শ্রেণিতে ভর্তির শেষ সুযোগ: তৃতীয় ধাপের আবেদন শেষ হচ্ছে আজ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

 কলেজ না পাওয়া, নতুন আবেদন বা নিশ্চায়ন মিস করা শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের তৃতীয় ও সর্বশেষ ধাপের প্রক্রিয়া শেষ হচ্ছে আজ
কলেজ না পাওয়া, নতুন আবেদন বা নিশ্চায়ন মিস করা শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের তৃতীয় ও সর্বশেষ ধাপের প্রক্রিয়া শেষ হচ্ছে আজ|ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত সুযোগ শেষ হতে চলেছে আজ। কলেজ না পাওয়া, নতুন আবেদন বা নিশ্চায়ন মিস করা শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের তৃতীয় ও সর্বশেষ ধাপের প্রক্রিয়া শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টায়। এরপর এই শিক্ষাবর্ষে আর কোনো আবেদনের সুযোগ থাকবে না।

১৭ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সময়সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ তৃতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, আবেদন ২৮ নভেম্বর পর্যন্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তৃতীয় ধাপই সর্বশেষ ধাপ হিসেবে বিবেচিত হবে।

এ কারণে শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে কলেজ পছন্দক্রম নির্ধারণ ও নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা এ ধাপে আবেদন করতে পারবে। এ ছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও নিশ্চায়ন করতে না পারা বা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচিত কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে।

তৃতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশিকা অনুসরণ করতে হবে। আবেদনের সময় কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে হবে।

দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।

সময়সূচি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করা যাবে।

আরও পড়ুনঃ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্স করার সুযোগ, আবেদন করবেন যেভাবে

মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। আর নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগে নির্বাচন নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ছুটির দিন কার্যকর হবে না।

কোটায় আবেদনকারীদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। একই সঙ্গে ভুলভাবে আবেদন করা বা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!